
নিজস্ব প্রতিবেদক :
পুলিশের ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের সব জেলার থানায় চালু হচ্ছে অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) সেবা। মঙ্গলবার (১ জুলাই) থেকে এই সেবা চালু হয়েছে। এদিন থেকে এই দুই রেঞ্জের থানাগুলোতে সব ধরনের জিডি ঘরে বসে অনলাইনে করা যাবে।
পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার নির্দেশে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসেই সব ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ। বর্তমানে সিলেট রেঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম রেঞ্জ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সব থানায় অনলাইন জিডি সেবা চালু রয়েছে। তবে অনলাইনে শুধু হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যায়।
জিডির বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করতে হবে। এ ক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এ হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু রয়েছে।

