
মোঃ মাহবুবুর রহমান সোহেল :
গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকায় তানিয়া (২৭) নামে এক ভুয়া নারী পুলিশ সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে জয়দেবপুর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক তানিয়া গাজীপুর সদর উপজেলার পিরুজালী মধ্যপাড়া গ্রামের আবু তালেবের মেয়ে।
পুলিশ জানায়, তানিয়া নিজেকে পুলিশের সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন জনকে প্রতারিত করার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশের ইউনিফর্ম ও একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “তানিয়া দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

