
স্টাফ রিপোর্টার :
গাজীপুর মহানগরের কাশিমপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন সোর্সসহ মোট ছয়জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (২৮ জুন) রাতে আনুমানিক ১১টার দিকে থানাধীন সাধুনগর তিন রাস্তার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

কাশিমপুর থানা পুলিশের একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সন্দেহভাজন অবস্থায় ঘোরাফেরা করা ছয়জনকে তল্লাশি করে মোট ২৭ গ্রাম হেরোইন ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে তিনজন কাশিমপুর থানার পরিচিত সোর্স—বাবু, মানিক ও ফরিদ—যারা দীর্ঘদিন ধরে থানা পুলিশের সাথে তথ্য প্রদানকারী হিসেবে যুক্ত ছিলেন।
তবে স্থানীয়দের অভিযোগ, ওই তিন সোর্স নিজেরাই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং পুলিশের সঙ্গে সংশ্লিষ্টতার সুযোগ নিয়ে বারবার ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছিল। কিছুদিন পূর্বেও একই ব্যক্তিদের মাদক সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়েছিল, কিন্তু রহস্যজনকভাবে তারা ছাড়া পেয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, “আমরা কাউকে ছাড় দিচ্ছি না। অভিযানে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ (রবিবার) সকালে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।”
এদিকে পুলিশের সোর্স হিসেবে দায়িত্ব পালন করা ব্যক্তিরাই যদি মাদক ব্যবসার সাথে জড়িত থাকে, তাহলে তা পুলিশের ভাবমূর্তিকেই প্রশ্নের মুখে ফেলে দেয় বলে মনে করছেন সচেতন মহল। কাশিমপুরে মাদকের ভয়াবহ বিস্তার রোধে নিয়মিত ও নিরপেক্ষ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।
মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে পুলিশ যেন কোনো ধরনের প্রভাব কিংবা পক্ষপাতিত্বের বাইরে থেকে সঠিক ও নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করে, এমন প্রত্যাশা সর্বস্তরের মানুষের।

