
শরিফুল ইসলাম-কালিহাতী, টাঙ্গাইল :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখি ইউনিয়নের আওতাধীন আউলিয়াবাদ বাজারে বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাজারের একাধিক দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাজার বন্ধ থাকায় নাইট গার্ড সেন্টু হঠাৎ করে এক কাপড়ের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
এ অগ্নিকাণ্ডে শওকত আলীর জুতার দোকান, আমিনুর রহমানের হোমিওপ্যাথি ওষুধের দোকান এবং আমজাদ হোসেনের মুদি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।
খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং রাত ৯টা ৩০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, এ অগ্নিকাণ্ডে আনুমানিক ৪০ থেকে ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করে জানান, পুরোনো বৈদ্যুতিক সংযোগ এবং অরক্ষিত তারের ব্যবস্থাপনার কারণে প্রায়ই এ ধরনের ঝুঁকি দেখা দেয়। অগ্নিকাণ্ডের কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

