
আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ-মনোহরদী :
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার শেখের বাজারে আজ (মঙ্গলবার) ঈদুল আযহা উপলক্ষে কুরবানির পশু কেনাকাটায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যখন হঠাৎ করে বাজারে উপস্থিত হন বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারী।
স্থানীয় সূত্রে জানা যায়, আল্লামা আল আজহারী দেশের নানা প্রান্তে ওয়াজ মাহফিলের মাধ্যমে ইসলামের মর্মবাণী প্রচার করলেও তাঁর পিতৃপুরুষের শিকড় এই মনোহরদী উপজেলাতেই। ঈদুল আযহার কুরবানির জন্য গরু ক্রয় করতে তিনি নিজে আজ গ্রামের বাড়িতে ছুটে আসেন এবং শেখার বাজারের গরুর হাটে উপস্থিত হন।
এসময় বাজারে সাধারণ জনগণ, গরু ব্যবসায়ী, এমনকি কিশোর-কিশোরীরাও উনার আগমন দেখে আপ্লুত হয়ে পড়েন। বহু মানুষ উনার সঙ্গে কুরআন তিলাওয়াত শোনার এবং ছবি তোলার আগ্রহ প্রকাশ করেন।
মাওলানা সাদিকুর রহমান আজহারী বলেন: “এই মনোহরদী আমার পিতৃপুরুষের ভিটা। এখানে আসলে এক ধরনের আত্মিক প্রশান্তি অনুভব করি। ঈদের কুরবানির পশু নিজের হাতে কিনে নেওয়ার একটি আলাদা তাৎপর্য রয়েছে। আমি চাই, আমাদের সব মুসলমান ভাইয়েরা যেনো ঈদুল আযহা যথাযথ ধর্মীয় মর্যাদা ও কুরবানির তাৎপর্য হৃদয়ে ধারণ করে পালন করেন।”
তিনি আরও বলেন, “আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি— এটা শুধু পশু জবাই নয়, বরং নিজের প্রবৃত্তিকে আল্লাহর পথে উৎসর্গ করার শিক্ষা। সমাজে এই উপলব্ধি ছড়িয়ে দিতে হবে।”
মাঠে উপস্থিত আব্দুল হান্নান নামের এক যুবক বলেন, “আমরা উনাকে টিভি-ইউটিউবে দেখি, আজ হাটে সামনে দেখতে পারলাম— এটা যেনো স্বপ্নের মতো।”

