বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা এখন থেকে জাতিসংঘ স্বীকৃত আন্তর্জাতিক মানের একজন খুনি।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী শহরের মিজান ময়দানে জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাউদ্দিন আহমেদ বলেন, কেউ কেউ বলছে অনুপাত ভিত্তিতে নির্বাচন দিতে, শুধু এটুকু বলবো যারা অনুপাত ভিত্তিক নির্বাচন চায়, বাংলাদেশের রাজনীতিতে তাদের অনুপাত জ্ঞান নাই। যারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায় তাদের মতলব কি জানতে হবে। তারা কেন নির্বাচনকে বিলম্বত করতে চায়।
তিনি আরও বলেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন এখন শুধু তাই করুন ৷
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় আনতে হবে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন, মাহবুবুর রহমান শামীম, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সাবেক এমপি রেহানা আক্তার রানু, আবদুল লতিফ জনি প্রমুখ।

