
মো. আবু সালেক ভূইয়া-ভ্রাম্যমাণ প্রতিনিধ গাজীপুর :
খালেদা জিয়ার শোককে শক্তিতে রূপ দিয়ে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন করব: শওকত হোসেন সরকার
শওকত হোসেন সরকার বক্তব্য রাখছেন
প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে রূপ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
শনিবার (১৫ আগস্ট) গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে রাজবাড়ী রোডে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শওকত হোসেন সরকার বলেন, “আমরা আশা করেছিলাম, চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হবেন আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি। আজ ‘সবার আগে বাংলাদেশ’ এই প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা ও স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অসুস্থ বেগম খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। সেই সময়ের অনেক নেতা দেশ ছেড়েছেন বা আত্মগোপনে রয়েছেন ও জনগণের কাছে তাদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শওকত সরকার বলেন, “খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব আমাদের প্রেরণা।তার মৃত্যুতে যে শোক সৃষ্টি হয়েছে, সেই শোককে শক্তিতে রূপ দিয়ে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা প্রাণপণ চেষ্টা করছি। ‘সবার আগে বাংলাদেশ’ ও তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে আমাদের দৃঢ় শপথ নিতে হবে।”
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননি, সদর থানা বিএনপির সভাপতি মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট আব্দুস সালাম, অ্যাডভোকেট ড. শহিদুজ্জামান, হান্নান মিয়া হান্নুসহ জেলা ও মহানগর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেহেদী হাসান এলিস।

