
মাসুম বিল্লাহ:
আজ বুধবার (১৫ জুলাই ২০২৬), খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (খুলনা ওয়াসা) নতুন চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জননেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি।
গত সোমবার (১৩ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে তিন বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়। পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৭(১) অনুযায়ী এই নিয়োগ কার্যকর হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারম্যান মনিরুজ্জামান মনিকে খুলনা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। দায়িত্ব পালনকালে তিনি খুলনাবাসীর জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আধুনিকীকরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি ১৯৯৪ সালে খুলনা সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি চারবার ভারপ্রাপ্ত মেয়র এবং ২০১৩ সালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার এই নতুন নিয়োগের ফলে খুলনা ওয়াসার কার্যক্রমে গতিশীলতা আসবে বলে নগরবাসী প্রত্যাশা করছেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেসিসি’র প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, ওয়াসার এমডিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির এই নতুন নিয়োগের ফলে খুলনা ওয়াসার কার্যক্রমে বিশেষ গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নগরবাসী।

