
সাকিব হাসান নাইম
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শিক্ষক পরিবারের মেয়ে মৃত্তিকা মোহন্ত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
মৃত্তিকা ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এ বছর বিদ্যালয়টি থেকে একমাত্র শিক্ষার্থী হিসেবে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে সে বিদ্যালয়ের জন্য গৌরব বয়ে এনেছে।
সে রানীগঞ্জ সরকারি ২য় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মনোরঞ্জন মোহন্ত এবং হরিপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নন্দিতা অধিকারীর বড় মেয়ে।
মৃত্তিকার এই অসাধারণ সাফল্যে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। ছোটবেলা থেকেই নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলাবোধ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সে লেখাপড়ায় ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে।
শিক্ষক পরিবারের সন্তান হওয়ায় ছোটবেলা থেকেই শিক্ষার প্রতি তার আগ্রহ ও অনুপ্রেরণা তৈরি হয়। মেয়ের এ সাফল্যে তার বাবা-মা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লায়লা আঞ্জুমান আরা বলেন, “মৃত্তিকা একজন অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও বিনয়ী শিক্ষার্থী। তার এই অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের এবং অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার।”
নিজের অনুভূতি জানিয়ে মৃত্তিকা মোহন্ত বলে, ভবিষ্যতেও সে নিষ্ঠার সঙ্গে পড়াশোনা চালিয়ে যেতে চায় এবং ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার স্বপ্ন দেখে।
এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা মৃত্তিকার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন এবং তার ধারাবাহিক সাফল্য প্রত্যাশা করেছেন।

