
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কিয়াতলা গ্রামে গভীর রাতে গোয়ালঘরে হানা দিয়ে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক জামিল হোসেন (রুহেল) জানান, শনিবার দিবাগত রাতে চোরেরা তার গোয়ালঘরে ঢুকে একটি কালো গাভী, একটি সাদা-লাল রঙের গাভী এবং একটি লাল রঙের ডেকা বাছুর নিয়ে যায়। সকালে গোয়ালঘর খুলে গরু না পেয়ে তিনি বিষয়টি বুঝতে পারেন।
তিনি জানান, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন এলাকায় খোঁজ করেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি। গবাদিপশু হারিয়ে তিনি আর্থিকভাবে বিপাকে পড়েছেন।
স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি কুলাউড়ার বিভিন্ন ইউনিয়নে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় খামারিদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা দ্রুত চোরচক্রকে শনাক্ত, চুরি হওয়া গবাদিপশু উদ্ধার এবং আইনশৃঙ্খলা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

