
জসিম তালুকদার, চট্টগ্রাম:
চট্টগ্রাম বাঁশখালী উপজেলাতে বন্যাদুর্গত এলাকায় এবার ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। বন্যার পানি দীর্ঘস্থায়ী রূপ নেওয়ায় এবং সুপেয় পানির তীব্র সংকটে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ছনুয়া ইউনিয়নে আছবাহার বেগম (৩৫) ও মরিয়ম বেগম (১৮) নামে দুই নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহতদের মধ্যে আছবাহার বেগম ছনুয়া ৭ নম্বর ওয়ার্ডের ফৈয়জানীপাড়ার কামাল উদ্দিনের স্ত্রী। তিনি গত শুক্রবার মারা যান। অন্যদিকে শনিবার মারা যাওয়া মরিয়ম বেগম একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড খাসপাড়ার রিয়াজুদ্দিনের স্ত্রী বলে জানা গেছে। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় স্থানীয় বানভাসি মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নাজমা আক্তার পরিস্থিতির সত্যতা নিশ্চিত করেন।
ডা. নাজমা আক্তার আরও জানান, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত প্রচুর রোগী চিকিৎসার জন্য আসছেন। হাসপাতাল থেকে তাঁদের প্রয়োজনীয় স্যালাইন, ওষুধ ও অন্যান্য চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পরিস্থিতির জটিলতা বিবেচনায় গুরুতর রোগীদের দ্রুত মূল হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
আক্রান্তরা সাধারণত স্থানীয় চিকিৎসা কেন্দ্র বা স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।

