রাজধানীতে টানা ভারী বৃষ্টির ফলে গুলশান ও বনানী এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সৃষ্ট জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকৌশলী ও পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুততম সময়ের মধ্যে জমে থাকা পানি অপসারণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে ড্রেনেজ ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করে ভবিষ্যতে যাতে একই ধরনের জলাবদ্ধতা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণেরও নির্দেশ দেন।
ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান বলেন, নগরবাসীর দুর্ভোগ লাঘব করাই সিটি করপোরেশনের প্রধান অগ্রাধিকার। ভারী বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত নিরসনে সংশ্লিষ্ট সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ডিএনসিসির জরুরি টিম মাঠে থেকে কাজ চালিয়ে যাবে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসকের তাৎক্ষণিক পরিদর্শন ও দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে রাজধানীর জলাবদ্ধতা সমস্যা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে।
ডিএনসিসি জানিয়েছে, বর্ষা মৌসুমে নগরবাসীর ভোগান্তি কমাতে জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি অব্যাহত থাকবে এবং প্রয়োজনে অতিরিক্ত জনবল ও যন্ত্রপাতি মোতায়েন করা হবে।