
আল মুজাহিদ-যশোর জেলা প্রতিনিধি :
২৭ জুন (শনিবার) সকাল ১০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা কার্যালয়ে জেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দ্বায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোঃ মোবারক হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্র নয়; বরং এটি আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার পবিত্র প্রতিষ্ঠান। তিনি অভিযোগ করেন, সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সন্ত্রাসী ও বিতর্কিত ব্যক্তিদের সভাপতি হিসেবে নিয়োগ দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার পাঁয়তারা করছে।
তিনি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনায় সৎ, যোগ্য, শিক্ষানুরাগী ও সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার দাবি জানান। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব, সন্ত্রাস, দখলদারিত্ব ও সহিংসতার সংস্কৃতি বন্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
দায়িত্বশীলদের উদ্দেশ্যে মোঃ মোবারক হোসাইন বলেন, সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে আদর্শ, তাকওয়া, সততা ও জবাবদিহিতার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনের আন্দোলনকে আরও বেগবান করতে সর্বস্তরের মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রতিটি দায়িত্বশীলকে জনগণের সুখ-দুঃখের অংশীদার হতে হবে, মানবসেবায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং এমন চরিত্রের অধিকারী হতে হবে, যাতে মানুষ ইসলামের সৌন্দর্য ও সংগঠনের আদর্শের বাস্তব প্রতিফলন দেখতে পায়।
সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক ভ্রাতৃত্ব, নিয়মিত যোগাযোগ ও অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনকে সকল কাজের মূল উদ্দেশ্য হিসেবে গ্রহণ করে কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি ও সমাজ পরিবর্তনের আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
দ্বায়িত্বশীল সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসূল এমপি।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান,সেক্রেটারি আবু জাফর ছিদ্দিক, সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, মনিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য গাজী এনামুল হক, আবুল হাশিম রেজা, অধ্যাপক জয়নাল আবেদীন, মাওলানা আব্দুল মালেক খান সহ জেলা শুরা ও কর্মপরিষদের সদস্যবৃন্দ।

