
মোঃ পারভেজ
চট্টগ্রামের পটিয়া উপজেলার পটিয়া বাইপাসের ফারুকীপাড়া চত্বর এলাকায় পূর্বানী পরিবহনের একটি বাস ও একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কার ফারুকীপাড়া চত্বর এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী পুরবানী পরিবহনের একটি বাস সামনে থাকা ঈগল পরিবহনের আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারটির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় প্রাইভেট কারটি সড়কের পাশে কাত হয়ে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ৫ জন আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হলেন— মিজানুর রহমান (৩৫), নোয়াখালী সদর, নোয়াখালী; মোহাম্মদ মাসুম (২৫), রসুলপুর, নান্দাইল, ময়মনসিংহ; লিয়াকত আলী (৩৫), শিবচর, মাদারীপুর; শিরিন আক্তার (২৭), কেরানীগঞ্জ, ঢাকা এবং আখি আক্তার (৩০), শ্যামলী, ঢাকা।
হাইওয়ে পুলিশের কর্মকর্তা সার্জেন্ট ওয়াসিম আকরাম জানান, দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে সাঙ্গু পরিবহনের এক চালকের মাধ্যমে দুর্ঘটনার খবর পান তারা। পরে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেট কারটি সড়ক থেকে সরিয়ে নেয়।
তিনি আরও জানান, পুরবানী পরিবহনের বাসটি সামনে থাকা একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারে থাকা ৫ জন আহত হন।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, পটিয়া বাইপাস সড়কে পর্যাপ্ত সড়ক বাতির অভাব এবং যানবাহনের অনিয়ন্ত্রিত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে ট্রাফিক পুলিশের নিয়মিত তদারকি, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং দ্রুত সড়ক বাতি স্থাপনের দাবি জানান।

