
কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ক্রয়কৃত জমি পরিমাপ করতে গিয়ে হামলার শিকার ও প্রাণনাশের হুমকির সম্মুখীন হয়েছেন মোহাম্মদ সফিকুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ। গতকাল বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ বাদী হয়ে কমলনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, চর জাঙ্গালিয়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে মোহাম্মদ সফিকুল ইসলাম বিগত ২০০৫ সালের ২ মার্চ একই এলাকার মমিন উল্যাহ ও তরিক উল্যাহর কাছ থেকে সাফ কবলা দলিল মূলে ৪ শতক জমি ক্রয় করেন। জমি রেজিস্ট্রির পর বিবাদীরা জমি বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে তারা গড়িমসি করে আসছিলেন। এরই মধ্যে গত আওয়ামী লীগ সরকারের আমলে ৩নং বিবাদী মোঃ রাসেল রাজনৈতিক প্রভাব খাটিয়ে সফিকুল ইসলামের ক্রয়কৃত সম্পত্তির কিছু অংশ জোরপূর্বক দখল করে মাটি ভরাট করে নেন।
ভুক্তভোগী সফিকুল ইসলাম জানান, তিনি একজন নিরীহ ও আইনানুগ মানুষ হওয়ায় বিবাদীদের সাথে পেরে উঠছিলেন না। পরবর্তীতে তিনি ওই সম্পত্তির নিজের নামে নামজারি (জমাখারিজ) সম্পন্ন করেন। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে তাদের মধ্যস্থতায় গত ১৭ জুন সকালে সরকারি আমিন দ্বারা জমি পরিমাপের উদ্যোগ নেওয়া হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, আমিন দিয়ে জমি পরিমাপ শুরু করলে বিবাদী মমিন উল্যাহ, তরিক উল্যাহ ও মোঃ রাসেলসহ তাদের লোকজন পরিমাপে বাধা দেন এবং সফিকুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তারা ভুক্তভোগীকে মারধর ও খুন-জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেন। বর্তমানে ওই সম্পত্তি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে ভুক্তভোগী মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, “আমি টাকা দিয়ে জমি কিনেও প্রায় ২১ বছর ধরে ভোগদখল করতে পারছি না। উল্টো এখন আমিন নিয়ে মাপতে গেলে আমাকে জানমালের হুমকি দেওয়া হচ্ছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার এবং আমার জমি বুঝে পাওয়ার দাবি জানাচ্ছি।”
কমলনগর থানা পুলিশ জানায়, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ তারা পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

