
মোঃ শফিকুল আলম শাকিল-ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদ্রাকপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে বাস্তবায়নাধীন একটি রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে নির্মাণের পরপরই রাস্তাটির কার্পেটিং উঠে যাচ্ছে। রাস্তাটি এখন এতটাই নাজুক অবস্থায় রয়েছে যে, খালি হাতেই তুলে ফেলা যাচ্ছে সদ্য বসানো পাথর ও বিটুমিনের আস্তরণ।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, নির্মাণাধীন ওই রাস্তার বিভিন্ন স্থানে বিটুমিনের স্তর বসানো হলেও তা মোটেই টেকসই হচ্ছে না। স্থানীয়রা অভিযোগ করছেন, পুরোনো কার্পেটিং না তুলেই তার ওপর দায়সারাভাবে নতুন কাজ চালানো হচ্ছে। এর ফলে নতুন রাস্তাটি মাটির সাথে শক্তভাবে লেগে থাকছে না, ফলে অল্প কিছু দিনের মধ্যেই তা উঠে যাচ্ছে।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা জানান, সরকারি উন্নয়ন প্রকল্পের এমন বেহাল অবস্থা মেনে নেওয়া যায় না। তাদের দাবি, পুরোনো রাস্তা না তুলে নতুন করে সংস্কার করায় কাজের মান অত্যন্ত দুর্বল হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো নিয়ম না মেনেই নিজেদের ইচ্ছেমতো কাজ করছে।
এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মনে করছেন, দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে রাস্তার কাজের জন্য বরাদ্দকৃত বিশাল অংকের সরকারি টাকা গচ্চা যাবে এবং জনসাধারণ চলাচলে চরম দুর্ভোগের শিকার হবে।
ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

