
মুহাম্মাদ রাকিবুল ইসলাম-ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া (আদর্শগ্রাম) এলাকায় পুকুরের পানিতে ডুবে সাব্বির(০৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ঘটে হৃদয়বিদারক এ দুর্ঘটনা।
নিহত সাব্বির স্থানীয় মিনহাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফুফাতো বোনকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি জামের গাছের নিচে জাম কুড়াতে ও গোসলের উদ্দেশ্যে যায় সাব্বির । গাছটি একটি গভীর পুকুরের পাড় ঘেঁষে অবস্থান করায় বৃষ্টিতে পিচ্ছিল হয়ে থাকা মাটিতে পা পিছলে তারা দুজনই পানিতে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে নেমে সাব্বিরের ফুফাতো বোনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও সাব্বিরকে পানির নিচ থেকে তুলে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
এক মুহূর্তের আনন্দ যে এমন শোকে পরিণত হবে, তা কল্পনাও করতে পারেনি পরিবার। শিশুটির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় অপরিকল্পিতভাবে গভীর পুকুর খননের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। নিরাপত্তা ব্যবস্থা ছাড়া এসব পুকুর খনন করায় শিশু ও সাধারণ মানুষ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে বলে তারা দাবি করেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হবে। কোনো ধরনের অনিয়ম বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় সচেতন মহল ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা রোধে অপরিকল্পিত পুকুর খনন বন্ধ, ঝুঁকিপূর্ণ জলাশয়ের চারপাশে নিরাপত্তা বেষ্টনী নির্মাণ এবং প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

