
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজারে অবস্থিত পৃথিমপাশা পরিবার কল্যাণ কেন্দ্রের পাশেই দীর্ঘদিন ধরে জমে উঠেছে ময়লা-আবর্জনার স্তূপ। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পাশে এমন পরিবেশে রোগী ও স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১০ জুন) সকালে সরেজমিনে দেখা যায়, রবিরবাজারের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা ময়লা-আবর্জনা স্বাস্থ্যকেন্দ্রের পাশের খালি জায়গায় ফেলা হচ্ছে। প্লাস্টিক, পলিথিন ও পচা-বাসি খাবারসহ বিভিন্ন ধরনের বর্জ্য জমে সেখানে বিশাল স্তূপ তৈরি হয়েছে। এতে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন রোগী, স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের দাবি, দক্ষিণ কুলাউড়ার ছয়টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। কিন্তু দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রটির সীমানা নির্ধারণ, পরিবেশ সংরক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
জানা গেছে, স্বাস্থ্যকেন্দ্রের সরকারি জমির সীমানা সুস্পষ্ট না হওয়ায় কিছু ব্যক্তি জায়গা দখলের চেষ্টা করছেন। এছাড়া রবিরবাজারে নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা না থাকায় স্বাস্থ্যকেন্দ্রের পাশের খালি জায়গাটি কার্যত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের চারপাশে সীমানা প্রাচীর না থাকায় সেখানে অনেকে মলমূত্র ত্যাগ করেন, যা পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্যসেবার পরিবেশকেও ব্যাহত করছে।
পৃথিমপাশা পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শিরিনা খাতুন বলেন, “স্বাস্থ্যকেন্দ্রের কোনো কর্মকর্তা-কর্মচারী এখানে ময়লা ফেলেন না। বাজারের বিভিন্ন স্থান থেকে লোকজন এসে বর্জ্য ফেলছে। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।”
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জেরিন আক্তার বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, দ্রুত ময়লা-আবর্জনা অপসারণ, সীমানা প্রাচীর নির্মাণ, অবৈধ দখল প্রতিরোধ এবং স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করা হোক। অন্যথায় জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে।

