
নিজস্ব প্রতিনিধি :
ঢাকার ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের মঙ্গলবাড়ি এলাকার বাসিন্দা মোঃ শহীদুল্লাহ কায়সার (৫০) হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ২৭ মে দিবাগত রাতে পাড়াগ্রাম পশুর হাটে কোরবানির পশু বিক্রি করতে গিয়ে নির্মম হামলার শিকার হন শহীদুল্লাহ কায়সার। তিনি তার ভাই ও ভাগ্নেকে নিয়ে ১৮টি গরু বিক্রির জন্য হাটে যান। এর মধ্যে ১৪টি গরু বিক্রি হলেও বাকি চারটি গরু বিক্রির অপেক্ষায় ছিলেন।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের দাবি, নির্ধারিত স্থানে গরু বাঁধাকে কেন্দ্র করে অন্য এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে হাট কর্তৃপক্ষের নিয়োগকৃত কয়েকজন ব্যক্তি শহীদুল্লাহ কায়সার ও তার ভাগ্নের ওপর হামলা চালায়। ভাগ্নেকে রক্ষা করতে গেলে শহীদুল্লাহ কায়সারকেও বেধড়ক মারধর করা হয়।
নিহতের স্বজনদের অভিযোগ, হামলাকারীরা তাদের কাছে থাকা প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় শহীদুল্লাহ কায়সারকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একজন নিরীহ গরু ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
নিহত শহীদুল্লাহ কায়সারের পরিবার ও এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

