
আবুসুফিয়ান, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় দায়িত্ব পালনকালে এক মোটরসাইকেলচালকের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে হাইওয়ে পুলিশের ৫ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে ক্লোজড করা হয়েছে।
প্রত্যাহার হওয়া সদস্যরা হলেন— হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই তোফাজ্জল হোসেন, এএসআই সোহেল রানা, পিকআপ ভ্যানচালক লিটন, কনস্টেবল আব্দুর রউফ ও কনস্টেবল ফজলু।
রোববার (২৪ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ মে হাটিকুমরুল মোড়ে দায়িত্ব পালনের সময় ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে এক মোটরসাইকেলচালকের কাছ থেকে ৫০০ টাকা নেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিক বিষয়টি দেখতে পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে অভিযোগটি হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপারের দৃষ্টিগোচর করা হয়।
অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। তাদের কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ সুপার কার্যালয়ে ক্লোজড করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযুক্তরা ইতোমধ্যে কর্মস্থল ত্যাগ করেছেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, মহাসড়কে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এমন অভিযোগ জনআস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

