
এসএম দৌলত-বগুড়া
বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১০টায় সিটি করপোরেশন হলরুমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব গ্রহণের পরেই তিনি নগরীর ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, হকাররা যত বড় ক্ষমতাশালীই হোক। আমরা কাউকে ফুটপাত দখল করতে দেব না। ফুটপাত জনগণের চলাচলের জন্যই ব্যবহার হবে। অন্য কোনো কারণে নয়। ঈদের পর থেকেই শুরু হবে অভিযান।
তিনি আরও বলেন, মাস বলছি না, আপনারা আমাকে দুই একটা সপ্তাহ সময় দেন। আল্লাহর রহমতে সবকিছু পরিকল্পিতভাবে সম্পন্ন করা হবে। আর কয়েকটা দিন পরে ঈদ হবে। এজন্য আমরা একটু সুযোগ দিচ্ছি। আমরা চাইলে আজ থেকেই অ্যাকশনে যেতে পারি। কিন্তু ১ হাজার লোকের জন্য ১ লাখ মানুষকে কষ্ট দিতে চাই না। জনগণের সহজ চলাচল নিশ্চিত করতে হবে।
স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানার সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম প্রমুখ। এসময় সিটি করপোরেশনের বিভিন্ন কর্তকর্তা-কর্মচারী ও সুধীজন উপস্থিত ছিলেন।

