
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধা সদর উপজেলার ১২নং কামারজানি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খারজানি গ্রামের ক্ষতিগ্রস্ত ৪২টি পরিবারের প্রত্যেককে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।
আজ ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-২ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য ও জননেতা জনাব আব্দুল করিম।
ত্রাণ বিতরণ শেষে মাননীয় সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত গ্রামটি পরিদর্শন করেন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে সরাসরি কথা বলে তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি অসহায় মানুষগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং যেকোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন।
সংসদ সদস্য জনাব আব্দুল করিম তাঁর বক্তব্যে বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান সরকার সবসময় আপনাদের পাশে আছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে।”
অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আকস্মিক দুর্যোগের পর দ্রুত চাল ও সান্ত্বনা পেয়ে স্থানীয় সংসদ সদস্য এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

