
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার খোসকান্দী রোডে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় উলুকান্দি বড় বাড়ির শুভ আহম্মেদ নামে এক তরুণ নিহত হয়েছেন। এই ঘটনায় একই বাড়ির রিফাত মিয়া নামে অপর এক তরুণ গুরুতর আহত হয়েছেন। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া এই আকস্মিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শুভ আহম্মেদ উপজেলার উলুকান্দি বড় বাড়ির মো. হোসেন মিয়ার ছোট ছেলে এবং আহত রিফাত মিয়া একই বাড়ির মরহুম মিন্টু মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ (শনিবার) রাতে শুভ ও রিফাত একটি মোটরসাইকেল নিয়ে খোসকান্দী রোড দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। এতে দুই তরুণই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শুভ আহম্মেদকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত রিফাত মিয়ার অবস্থাও আশঙ্কাজনক। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত জেলা সদর বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে, বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে শুভর মৃত্যুর খবর পৌঁছামাত্রই স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। একই বাড়ির দুই তরুণের এই ভয়াবহ দুর্ঘটনায় পুরো উলুকান্দি গ্রামে গভীর শোক ও স্তব্ধতা বিরাজ করছে।

