
মোঃ তাইনুল ইসলাম:
কুমিল্লাকে বিভাগ ঘোষণা এবং জেলাটিতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের দাবি অনুযায়ী ধাপে ধাপে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।
শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর এলাকায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা ক্ষমতায় আসার পর একে একে সব প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ তা বাস্তবায়ন হবে।”
তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে। নির্বাচনের আগে জনগণের কাছে যে অঙ্গীকার করা হয়েছে, সেগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে। এজন্য দেশবাসীকে ধৈর্য ধরে সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি।
কৃষকদের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, ক্ষমতায় আসার পরপরই সরকার ১২ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ করেছে। মাত্র ১০ দিনের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়, যার ফলে লাখো কৃষক ঋণমুক্ত হয়েছেন।
তিনি বলেন, “বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। কুমিল্লা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বিপুল পরিমাণ কৃষিপণ্য সরবরাহ হয়। এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি একটি কৃষি বিশ্ববিদ্যালয়। খুব শিগগিরই শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।”
বিগত সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশের মানুষের ওপর নির্যাতন, গুম, খুন ও অর্থপাচারের ঘটনা ঘটেছে। এতে দেশের অর্থনীতি চাপে পড়েছে।
তবে বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
তিনি জনগণকে বিএনপির মূল শক্তি উল্লেখ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তব্যের শেষে তিনি বলেন, “করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।”
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

