
মোঃ তাইনুল ইসলাম
দীর্ঘ ২২ বছর পর আগামী শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
প্রধানমন্ত্রীর সফর সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন দফতর। সফরের বিভিন্ন কর্মসূচিস্থল পরিদর্শন করেছেন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি যান চলাচল ও জনসমাগম নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও বিরাজ করছে প্রাণচাঞ্চল্য। বিশেষ করে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও বিভিন্ন এলাকায় টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন প্রস্তুতিমূলক কার্যক্রমে।
স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন, দীর্ঘদিন পর কোনো প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর জেলার উন্নয়ন ও রাজনৈতিক গুরুত্ব আরও বাড়াবে। সফরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

