দুয়ারীপাড়া মৌজার গৃহায়ন কর্তৃপক্ষের জমির দখল নিয়ে প্রকাশিত সংবাদ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত
গত ১১ মে প্রকাশিত দৈনিক যুগান্তর, আমাদের সময়, দেশের টিভি এবং ১২ মে প্রকাশিত খবরের আলো পত্রিকায় দুয়ারীপাড়া মৌজাস্থ আইনুদ্দিন হাইদার ও ফয়জুন্নেছা ওয়াকফা স্টেট সংক্রান্ত যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে দুয়ারীপাড়া মৌজায় অবস্থিত আইনুদ্দিন হাইদার ও ফয়জুন্নেছা ওয়াকফা স্টেটের জায়গা দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। বিষয়টি জানতে পেরে ওয়াকফা স্টেটের প্রতিনিধিরা সেখানে বাধা প্রদান করেন। এই ওয়াকফা সম্পত্তিটি এখানকার জনগণ প্রায় পঞ্চাশ বছর ধরে ভোগ দখলে আছে।
এরপরই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওয়াকফা স্টেট ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়।
প্রতিবাদে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা নং- ১৫২১/২১ চলমান এবং উক্ত জায়গার বিষয়ে “স্ট্যাটাস কো” বহাল থাকা অবস্থায় কিভাবে সেখানে প্রবেশ ও দখলের চেষ্টা করা হয়, সেটিই মূলত প্রশ্নবিদ্ধ। এ সময় জায়গাটিতে প্রতিবাদ জানান মোঃ মোবারক মেম্বার, মোহাম্মদ আমজাদ হোসেন মোল্লা, নজরুল ইসলাম সপু, মোহাম্মদ শিহাব উদ্দিন, জাকির হোসেন শান্তসহ আরও ১৪-১৫ জন স্থানীয় ব্যক্তি। অথচ তাদের বিরুদ্ধেই মিথ্যা অভিযোগ এনে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি করা হয়।
সংশ্লিষ্টদের অভিযোগ, কোনো ধরনের সরেজমিন তদন্ত বা সঠিক তথ্য যাচাই ছাড়াই উদ্দেশ্যমূলকভাবে এসব সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক ও সাংবাদিকতার নীতিবিরোধী। তারা বলেন, প্রকাশিত সংবাদে বাস্তবতার কোনো প্রতিফলন নেই এবং এর মাধ্যমে সম্মানিত ব্যক্তিদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।
প্রতিবাদকারীরা অবিলম্বে প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যথায় মানহানির মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা জানান।