
মোঃ তারিকুল ইসলাম খান :
জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশের বাস ও মিনিবাস ভাড়া পুনর্নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে ভাড়া কতটুকু বাড়বে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ সোমবার এ বিষয়ে প্রস্তাব দেওয়া হবে এবং পরে মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
রোববার (১৯ এপ্রিল) রাতে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রচলিত নিয়ম অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি এক টাকা বাড়লে বাসভাড়া এক পয়সা বাড়ানো হয়। সেই হিসেবে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ায় ভাড়াও ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তবে পরিবহন মালিকরা দাবি করেছেন, শুধু জ্বালানি নয়—ডলারের মূল্যবৃদ্ধি, খুচরা যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচও উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা ভাড়া নির্ধারণে বিবেচনায় নেওয়া উচিত।
এ বিষয়ে বিআরটিএর একজন কর্মকর্তা জানান, জ্বালানি মূল্যবৃদ্ধি ও মালিকপক্ষের দাবি—দুই দিক বিবেচনায় নিয়ে একটি সমন্বিত প্রস্তাব আজ মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরবর্তীতে মন্ত্রী ও সচিবের সিদ্ধান্ত অনুযায়ী ভাড়ার চূড়ান্ত হার নির্ধারিত হবে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা জানিয়েছেন, দ্রুত সিদ্ধান্ত না এলে মাঠপর্যায়ে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। কারণ ইতোমধ্যে বাড়তি দামে জ্বালানি কিনতে হচ্ছে পরিবহন সংশ্লিষ্টদের।
বর্তমানে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত রয়েছে।
এখন সবার নজর আজকের ঘোষণার দিকে—বাসভাড়া কতটা বাড়ছে, সেটাই জানার অপেক্ষা যাত্রীদের।

