
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধা জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মেসার্স এস এ কাদের এন্ড সন্স ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাম্প কর্তৃপক্ষের সাথে বাকবিতণ্ডা ও অকথ্য ভাষায় গালিগালাজ করার জেরে মব (গণপিটুনি) বা গণধোলাইয়ের শিকার হয়েছেন এক মোটরসাইকেল চালক।
প্রত্যক্ষদর্শীরা জানায় আজ বিকেলে পাম্পে তেল নেওয়ার জন্য দীর্ঘ সিরিয়াল ছিল। এসময় এক মোটরসাইকেল চালক সিরিয়াল ভঙ্গ করে আগে তেল নিতে চাইলে পাম্পের কর্মচারীরা তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই চালক পাম্প কর্তৃপক্ষের সাথে অশালীন আচরণ শুরু করেন এবং উচ্চস্বরে গালিগালাজ করতে থাকেন।
একপর্যায়ে সেখানে উপস্থিত অন্যান্য গ্রাহক ও স্থানীয় জনতা উত্তেজিত হয়ে পড়েন। বাকবিতণ্ডার এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং উত্তেজিত মব ওই চালককে গণধোলাই দেয়।
পাম্পে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ও পাম্প কর্তৃপক্ষের হস্তক্ষেপে বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হয়।
পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিনিয়ত সিরিয়াল নিয়ে কিছু গ্রাহকের সাথে এমন ঝামেলার সৃষ্টি হয়, তবে আজকের ঘটনাটি ছিল অনাকাঙ্ক্ষিত। তারা গ্রাহকদের ধৈর্য ধরার ও নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কোনো পক্ষই থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি।

