
মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও বিশিষ্ট জননেতা জনাব নজরুল ইসলাম মঞ্জু আজ সোমবার বিকেলে নগরীর বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান “রেনু অটিজম কেয়ার” পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে প্রশাসক প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ ঘুরে দেখেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন। তিনি শিশুদের শিক্ষার পরিবেশ এবং তাদের জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠানের কার্যক্রমের খোঁজখবর নেন। শিশুদের সাথে সময় কাটানোর সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তাদের সার্বিক উন্নয়নে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
রেনু অটিজম কেয়ারের চেয়ারম্যান দিবেন্দু দ্বীপ এ সময় প্রতিষ্ঠানের লক্ষ্য ও বর্তমান চ্যালেঞ্জসমূহ প্রশাসকের সামনে তুলে ধরেন। তিনি বলেন, সমাজের এই বিশেষ শিশুদের অবহেলা না করে সঠিক পরিচর্যা করলে তারাও দেশ ও জাতির সম্পদ হয়ে উঠতে পারে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত অতিথিবৃন্দ প্রশাসকের এই সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মনে করছেন এর মাধ্যমে বিশেষ শিশুদের অধিকার রক্ষায় সামাজিক সচেতনতা আরও বৃদ্ধি পাবে।
