
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে মাহমুদা বেগম (৪০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার ছোট ভাই আক্তার হোসেনের বিরুদ্ধে। নিহত মাহমুদা উপজেলার আকানগর গ্রামের মোহাম্মদ নাসির উদ্দিনের মেয়ে এবং প্রবাসী স্বপন মিয়ার স্ত্রী।
শনিবার (২১ মার্চ) বিকেলে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আক্তার হোসেন পলাতক রয়েছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আক্তার হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে উগ্র ও আক্রমণাত্মক আচরণ করত। সম্প্রতি একটি মামলায় জেল খেটে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরে আক্তার।
এরপর থেকেই টাকার জন্য বড় বোন মাহমুদাসহ পরিবারের অন্য সদস্যদের চাপ দিতে থাকে। গত শুক্রবারও টাকার দাবিতে নিজের মা ও বোনকে মেরে ফেলার হুমকি দিয়েছিল সে।
শনিবার বিকেলে স্বজনরা মাহমুদার বাড়িতে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরিবারের সদস্যদের দাবি, নেশার টাকা না পেয়ে আক্তার হোসেন তার বোনকে শ্বাসরোধ বা অন্য কোনো উপায়ে হত্যা করে পালিয়ে গেছে। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, “প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে, নেশার টাকা না দেওয়ায় আক্তার হোসেন তার বড় বোনকে হত্যা করেছে।
পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

