
মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুলনাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে তিনি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে খুলনা সার্কিট হাউজ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই শুভেচ্ছা জানান।
প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “দীর্ঘ ত্যাগের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনে আনন্দের বার্তা। আমি খুলনা মহানগরীর সকল স্তরের মানুষকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা। আমরা চেষ্টা করছি একটি পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী উপহার দিতে, যাতে নগরবাসী নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারেন।”
পরিদর্শনকালে তিনি মাঠের প্যান্ডেল, সামিয়ানা, ওজুখানা এবং নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। তিনি বলেন, “সার্কিট হাউজ মাঠটি খুলনার একটি ঐতিহাসিক স্থান। এখানে প্রতিবছর হাজার হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেন। বৃষ্টির কথা মাথায় রেখেও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।”
কেসিসি সূত্রে জানা গেছে, এবার সার্কিট হাউজ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এছাড়া খুলনা টাউন জামে মসজিদে দ্বিতীয় জামাত সকাল ৯টায় এবং তৃতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শুভেচ্ছা বার্তায় নজরুল ইসলাম মঞ্জু আরও যোগ করেন, “আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই খুলনাকে একটি দুর্নীতিমুক্ত এবং আধুনিক সবুজ নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছি। এই ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।”
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ১ মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম ঈদ উদযাপন এবং প্রশাসক হিসেবে নগরবাসীকে দেওয়া প্রথম ঈদের শুভেচ্ছা।
প্রস্তুতি পরিদর্শনকালে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রকৌশলীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

