
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুকুরে ডুবে মাহিরা নামে ১৯ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার ইছাপুর ইউনিয়নের আড়িয়ল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিরা ওই গ্রামের বাসিন্দা শামসুজ্জামানের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩টার দিকে শিশু মাহিরা বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে সে বাড়ির সামনে থাকা পুকুরে পড়ে যায়। বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
নিহতের চাচাতো ভাই কামরুল হাসান সরকার জানান, পুকুর থেকে উদ্ধারের পর শিশুটিকে দ্রুত বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
অল্প বয়সী এই শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে আড়িয়ল গ্রামসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্বজনদের কান্নায় ওই বাড়ির আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

