
মাসুম বিল্লাহ-খুলনা :
উৎসবমুখর পরিবেশ আর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে। এরই অংশ হিসেবে আজ খুলনার গুরুত্বপূর্ণ পয়েন্ট ফেরিঘাট মোড় থেকে লিফলেট বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

বৃহস্পতিবার দুপুরে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের সাথে নিয়ে তিনি এই প্রচারণার সূচনা করেন। এসময় তার হাতে ছিল দলীয় প্রতীক ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট, যা তিনি পথচারী ও দোকানদারদের মাঝে বিতরণ করেন।
দীর্ঘদিন পর দেশে একটি অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার ফিরে পাওয়ার আশায় খুলনার সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রচারণাকালে অনেক ভোটারকে আবেগাপ্লুত হতে দেখা যায়। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “আমরা অনেক দিন ভোট দিতে পারিনি। এবার নিজেদের পছন্দমতো প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাওয়ার খবরটি আমাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।”
প্রচারণা শুরুর প্রাক্কালে নজরুল ইসলাম মঞ্জু সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়াই আমাদের এবারের সংগ্রামের মূল লক্ষ্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে এবং ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে আমরা রাজপথে নেমেছি।”
নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন,খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক হাসানুর রশিদ মিরাজ, আসাদুজ্জামান মুরাদ,জাফরউল্লাহ খান সাচ্চু, মনিরুজ্জামান মনি,অধ্যাপক আরিফুজ্জামান অপু, শামসুজ্জামান চঞ্চল , সুলতান মাহমুদ সুমন, ইউসুফ হারুন মজনু,নজরুল ইসলাম বাবু, কাজী রাশেদ, রাকিবুল ইসলাম রাকিব,মহিউদ্দিন টারজান, শেখ বায়েজীদ,আসিফ,মাজহারুল ইসলাম সহ জেলা ও মহানগর বিএনপির দলীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার অসংখ্য নেতাকর্মী।
উপস্থিত নেতাকর্মীরা ‘ধানের শীষ’ এবং ‘নজরুল ইসলাম মঞ্জু’র পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তোলেন। ফেরিঘাট মোড় থেকে শুরু হওয়া এই প্রচারণা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

