
মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল রূপসা ঘাটকে পুরোপুরি চাঁদাবাজ ও টোলমুক্ত করার জোরালো ঘোষণা দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, নির্বাচিত হলে সাধারণ মানুষের ঘাম ঝরানো টাকা আর কোনো সিন্ডিকেটের পকেটে যাবে না।
আজ ৪ জানুয়ারি (রবিবার) বিকেলে রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের দেবীপুরে আয়োজিত এক দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজন করা হয়েছিল।
আজিজুল বারী হেলাল বলেন, “জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে রূপসা ঘাটকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করতে সম্পূর্ণ টোলমুক্ত ও চাঁদাবাজমুক্ত করা হবে।” নির্বাচনী এলাকায় উন্নত স্বাস্থ্যসেবা এবং শিক্ষাখাতে বৈপ্লবিক পরিবর্তনের অঙ্গীকার করেন তিনি। কৃষকদের ভাগ্য পরিবর্তনের জন্য সহজ শর্তে ও সুদমুক্ত ঋণের ব্যবস্থা করার কথা উল্লেখ করেন। তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে শহীদ জিয়ার আদর্শে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে।
বিএনপি নেতা আঃ সাত্তার মোল্যার সভাপতিত্বে এবং জাহিদুল ইসলাম রবির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু,মোল্যা খায়রুল ইসলাম,জিএম কামরুজ্জামান টুকু,এনামুল হক সজল,শেখ আব্দুর রশিদ,জেলা কৃষক দলের আবু সাইদ,সোহাগ, নৈহাটি বিএনপির সার্চ কমিটির সদস্য দিদারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক: মো. আতাউর রহমান রুনু, জেলা যুবদলের রিয়াজ মেল্যা,ইয়ারুল ইসলাম রিপন ও সাগর মোল্লা সহ রূপসা ও জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
দেবীপুর জাবালেনুর জামে মসজিদের মুফতি হাবিবুর রহমান মোনাজাত পরিচালনা করেন। এর আগে তিনি পূর্ব রূপসা ঘাট এলাকায় উপজেলা হকার্স ইউনিয়নের এক অনুষ্ঠানেও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় কাজ করার আশ্বাস দেন।

