
কাশিমপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান নারী–পুরুষসহ ৪২ জন
জুলফিকার আলী জুয়েল :
গাজীপুরের কাশিমপুর মেট্রো থানাধীন জিরানী বাজার এলাকায় অবস্থিত ড্রিমল্যান্ড আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান চালিয়ে নারী ও পুরুষসহ মোট ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযান পরিচালনা করা হয়। পরে গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজ নামে পরিচিত ওই আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল—এমন অভিযোগের ভিত্তিতে কাশিমপুর মেট্রো থানা পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ২৩ জন পুরুষ ও ১৯ জন নারীকে আটক করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাসিক হোটেলটি অনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মাদক কারবার ও সেবনের একটি নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল। পুলিশ জানায়, এর আগেও একই হোটেলে চারবার অভিযান পরিচালনা করা হয়েছে।
কাশিমপুর মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খালিদ হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান পরিচালনা করা হয়। অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ মোট ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরও জানান, অনৈতিক কর্মকাণ্ড ও মাদক সংশ্লিষ্ট যেকোনো অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজে শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অনৈতিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

