
মোঃ মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নবাগত পুলিশ কমিশনার মো: জাহিদুল হাসান, বিপিএম (সেবা) আজ, ১৭ ডিসেম্বর (বুধবার), দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সাথে এক মতবিনিময় বা বিশেষ সভায় মিলিত হন। সভায় তিনি খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তাঁর দৃঢ় কর্মপরিকল্পনা ও মতামত তুলে ধরেন।
নবাগত পুলিশ কমিশনার মো: জাহিদুল হাসান তাঁর বক্তব্যে শিশু নির্যাতন, চাঁদাবাজি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি মেনে চলার বিষয়ে কঠোর অবস্থানের কথা ঘোষণা করেন। তিনি বলেন, এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা তাদের জন্য সহায়ক।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি বিশ্বাস করি স্বল্প পেশাদার সাংবাদিকতা শুধু গণতন্ত্র শক্তিশালী করে না, এটি একটি সুশীল সমাজ গঠনে সহায়ক হয়। তাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি খুলনা মেট্রোপলিটন পুলিশের দরজা আপনাদের জন্য সর্বদা খোলা থাকবে। আমরা তথ্য প্রকাশে সচ্চতা বজায় রাখবো এবং আপনাদের সাথে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বাড়াতে চাই।”
তিনি আরও বলেন, “আপনাদের সহযোগিতা এবং গঠনমূলক সমালোচনা আমাদের চলার পথকে যথাযথ দায়িত্বশীল করবে। আসুন আমরা সবাই মিলে খুলনাকে আরো নিরাপদ ও শান্তিপূর্ণ উন্নত শহরে রূপান্তর করি। আজকের মতবিনিময় সভাকে আমি সেই যৌথ প্রচেষ্টার সূচনা হিসেবে দেখতে চাই।”
মতবিনিময় সভায় কমিশনার সাংবাদিকদের কাছ থেকে খোলামেলা মতামত, পরামর্শ এবং গঠনমূলক সমালোচনা আহ্বান করেন, যা তাদের কাজের দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হবে।
উল্লেখ্য, পুলিশ কমিশনার মো: জাহিদুল হাসান গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে কেএমপি’র পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভার প্রধান লক্ষ্য হলো, খুলনা মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা বজায় রাখা, অপরাধ দমন করে জনবান্ধব পুলিশিং-এর মাধ্যমে একটি নিরাপদ ও বাসযোগ্য শহর গড়ে তোলা।
নবাগত কমিশনারের এই পদক্ষেপ খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এক নতুন দিকনির্দেশনা দেবে বলে আশা করা হচ্ছে।

