
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা-১৮ আসনের ধানের শীষের প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন নির্বাচনী মাঠে সকলের প্রতি সহনশীল, ভদ্র ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “অন্যকে কষ্ট দিয়ে অথবা ন্যূনতম বিরক্তির কারণ হয়ে কোনো নির্বাচনী প্রচার-প্রচারণা করা যাবে না। সহনশীলতা, সৌজন্যতা ও আন্তরিকতাই হোক আমাদের মূলমন্ত্র।”
তিনি আরও জানান, নির্বাচন মানুষের উৎসব—এখানে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শত্রুতা নয়, বরং পারস্পরিক সম্মান ও সহযোগিতা বজায় রাখা জরুরি। এসএম জাহাঙ্গীর জোর দিয়ে বলেন, এলাকার জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়—এমন কোনো কার্যক্রম কখনোই গ্রহণযোগ্য নয়।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি পুনরায় আহ্বান জানান, নির্বাচনী প্রচারণায় দায়িত্বশীলতা, ধৈর্য ও ইতিবাচক আচরণ বজায় রেখে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে আরও সচেতন হতে হবে। তার মতে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে জনগণের ভালোবাসা অর্জন করাই হবে প্রকৃত সাফল্য।
ঢাকা-১৮ আসনে নির্বাচনী উত্তাপ বাড়লেও এসএম জাহাঙ্গীরের এই আহ্বান এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ, সুন্দর ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

