
বদিউজ্জামান-জলঢাকা, নিলফামারী :
বাংলাদেশ স্কাউটসের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান শহীদদের স্মরণে রচনা, কুইজ, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় আঞ্চলিক পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার (৮ ডিসেম্বর ২০২৫), ঢাকায়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার।
এবার বিভাগীয় পর্যায়ে কুইজ ও উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ফাবিয়া মেহজাবিন রোজা। তার এই অর্জনে বিদ্যালয়সহ পুরো এলাকায় আনন্দের সঞ্চার হয়েছে।
ফাবিয়া মেহজাবিন রোজা এর আগেও সফলতার স্বাক্ষর রেখেছে। ২০২২ সালে জাতীয় শিশু–কিশোর প্রতিযোগিতায় জেলা ও উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সে সকলের নজর কাড়ে।
ফাবিয়ার পিতা ফয়সল মুরাদ, সাবেক জলঢাকা উপজেলা ভাইস চেয়ারম্যান ও দৈনিক আমার দেশ পত্রিকার জলঢাকা উপজেলা প্রতিনিধি। তার মাতা মোছা. রোকেয়া আখতার, জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। মেয়ের এমন ধারাবাহিক সাফল্যে গর্বিত বাবা–মা দুজনেই আনন্দ প্রকাশ করেন।
বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা ফাবিয়ার এই অর্জনকে বিদ্যালয়ের জন্য বড় সম্মান বলে উল্লেখ করেছেন। ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের জন্য তার জন্য সর্বস্তরের মানুষের দোয়া ও শুভকামনা অব্যাহত রয়েছে।

