
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
তথ্য ভবনে ১৯ নভেম্বর ২০২৫ খ্রি. সকাল ১১টায় গণযোগাযোগ অধিদপ্তরের সভাকক্ষে গণযোগাযোগ অধিদপ্তর, মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’র যৌথ আয়োজনে “ওরিয়েন্টেশন অন টোব্যাকো কন্ট্রোল ল ফর জার্নালিস্ট: রোল অব এন্টারটেইনিং মিডয়া” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আবদুল জলিল। তিনি গণযোগাযোগ অধিদপ্তরের মাঠ পর্যায়ের বিভিন্ন প্রচারণায় তামাকের নেতিবাচক প্রভাব বিষয়ে জনগণকে সচেতন করা এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় তামাকের কারণে স্বাস্থ্যের ক্ষতি, তামাক নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা ও নাটক, চলচ্চিত্রে আইন লঙ্ঘনের চিত্র ও করণীয় বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে মানস এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী, ভাইটাল স্ট্র্যাটেজিস এর টেকনিক্যাল এডভাইজার আমিনুল ইসলাম সুজন ও মানসের প্রকল্প সমন্বয়কারী উম্মে জান্নাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইটাল স্ট্র্যাটেজিস সিনিয়র টেকনিক্যাল এডভাইজার এড. সৈয়দ মাহবুবুল আলম ও ম্যানেজার (তামাক নিয়ন্ত্রণ) ফাহমিদা ইসলাম, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’র সভাপতি কামরুল হাসান দর্পন, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল’র প্রোগ্রাম অফিসার ডা. ফরহাদুর রেজা প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানসের সিনিয়র প্রজেক্ট এন্ড কমিউনিকেশন অফিসার মো. আবু রায়হান।
বক্তারা বলেন, বর্তমানে কিশোর-তরুণসহ প্রায় সব বয়সীদের বিনোদনের অন্যতম মাধ্যম নাটক, চলচ্চিত্র ও ওটিটি কনটেন্ট। তামাক নিয়ন্ত্রণ আইনের দূর্বলতার কারণে ‘কাহিনীর প্রয়োজন’ দোহাই দিয়ে অযাচিতভাবে চলচ্চিত্রে, নাটকে প্রতক্ষ্য ও পরোক্ষভাবে ধূমপানের প্রচারণা চালানো হচ্ছে। তামাক কোম্পানিগুলো তরুণ সমাজকে টার্গেট করে ওটিটি প্লাটফর্মগুলোতেও তামাকের নেশায় উৎসাহিত করছে। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে বিনোদন মাধ্যমে যাতে নেতিবাচক বিষয়গুলো ফলাও করে প্রচার না করা হয়, সে বিষয়ে অভিনয় শিল্পী ও সংশ্লিষ্টদেরকে আরো দায়িত্বশীল হতে হবে। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত সংস্থা হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা কতৃক নিয়ম মেনে চলচ্চিত্র অনুমোদন, আইন লঙ্ঘন বিষয়ে নিয়মিত তদারকি এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) অনসূয়া বড়ুয়া, পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু’মেন, পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন, উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান, উপপরিচালক (মহিলা ও সমন্বয়) গাজী শরীফা ইয়াছমিন এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

