
শহিদ সরকার :
গাজীপুরে সাবেক সিভিল সার্জনের বাড়িতে ডাকাতির ঘটনায় ছয় ডাকাতকে গ্রেফতার করেছে জিএমপি গাছা থানা পুলিশ। ডাকাতদলের সদস্যদের কাছ থেকে লুণ্ঠিত টাকা উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মো: শামীম (৩৫), মো: মোশারফ (৪২), জাহিদুল ইসলাম মানিক (২০), মো. মোস্তাফিজুর রহমান ওরফে অভি (২০), আজিজুল আহম্মেদ ওরফে সামি (২০), শাহদাত হোসেন শীতল (১৯)।
গত শনিবার রাত ৩টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ডবাজার কলমেশ্বর এলাকায় সাবেক এক সিভিল সার্জন হাফিজুর রহমান খানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। পরে থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে ডাকাতির সাথে সম্পৃক্ত দুই ডাকাতকে নরসিংদী জেলা মাধবদী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে ঢাকার দক্ষিণখান থেকে এ ঘটনায় জড়িত আরো ৪ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। এসময় ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত ১ লাখ ৫৫হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়াও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ২টি দা, একটি সাবল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শামীমের বিরুদ্ধে নরসিংদী ও মুন্সিগঞ্জে মোট ৯টি মামলা, মানিক ও অভির বিরুদ্ধেও ঢাকা থানায় মামলা রয়েছে।
এ ঘটনায় গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করে। তাদের কাছ থেকে লুণ্ঠিত ১ লাখ ৫৫ হাজার টাকা ও ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি অপরাধীদের গ্রেফতার ও লুণ্ঠিত সম্পদ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

