
মোঃ শফিকুল ইসলাম মুছা,
বাগেরহাটের শরণখোলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৭ পিস ইয়াবাসহ আল-আমিন হাওলাদার (৩৯) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার রাজৈর এলাকায় মাদক বেচাকেনাকালে তাকে আটক করা হয়।
আটককৃত আল-আমিন হাওলাদার রাজৈর এলাকার চাঁনমিয়া হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈর এলাকাটি মাদক কারবারিদের আস্তানা হিসেবে পরিচিত। বৃহস্পতিবার গভীর রাতে ওই এলাকায় মাদক বিক্রি হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) মো. শিবলী রহমান ও এসআই সাঈদের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ক্রেতা পালিয়ে গেলেও পলিথিনে মোড়ানো ৭৭ পিস ইয়াবাসহ আল-আমিনকে হাতেনাতে আটক করে পুলিশ।
এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, আটককৃত আল-আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, “মাদকের বিষয়ে কোনো ছাড় নেই, জিরো টলারেন্স নীতি অবলম্বন করে পুলিশের অভিযান অব্যাহত রাখা হয়েছে। গত ১৫ দিনে থানা পুলিশের বিশেষ অভিযানে এক শীর্ষ মাদক কারবারিসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে।

