
মোঃ আসিফুজ্জামান আসিফ
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান গত ৬ মাসে দেশের মানুষের মন জয় করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ড. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। তিনি বলেন, মানুষের অধিকার, গণতন্ত্র ও দেশের উন্নয়নের প্রশ্নে তারেক রহমানের নেতৃত্ব জনগণের মধ্যে নতুন আশার সৃষ্টি করেছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সাভারে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে সাভার ও আশুলিয়া থানার ভোটকেন্দ্রে পোলিং এজেন্টের সম্বর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এসময় তিনি আরো বলেন, তারেক রহমান দীর্ঘদিন ধরে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। গত ৬ মাসে তিনি মানুষের কথা শুনেছেন, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং দেশের ভবিষ্যৎ নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরেছেন। এ কারণেই অল্প সময়ের মধ্যেই তিনি মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। দেশের অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
সালাউদ্দিন বাবু বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক নেতাদের জনগণের কাছে থাকতে হবে। তারেক রহমান সেই লক্ষ্যেই কাজ করছেন।
এ সময় তিনি তারেক রহমানের নেতৃত্বের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

