রাজধানীর রূপনগর থানাধীন দুয়ারীপাড়া এলাকায় অবস্থিত একটি কথিত “সাংবাদিক প্লট” থেকে মাদক সেবনের অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ। স্থানীয় সূত্রের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই প্লটে অবস্থান করে পাহারার দায়িত্ব পালন করছিলেন।
জানা যায়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কাছে দাখিল করা একটি আবেদনকে ভিত্তি করে সাংবাদিক ইমনসহ কয়েকজন ব্যক্তি প্লটটির দাবিদার হিসেবে নিজেদের পরিচয় দিয়ে সেখানে টিনের বেড়া নির্মাণ করেন। তবে স্থানীয় বাসিন্দা ও নিজেদের প্রকৃত মালিক দাবি করা ব্যক্তিদের অভিযোগ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের স্ট্যাটাস কো (Status Quo) বহাল থাকা সত্ত্বেও ওই জমিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ বা পরিবর্তনের সুযোগ নেই।
অভিযোগ রয়েছে, গত কয়েকদিন আগে স্ট্যাটাস কো অমান্য করে প্লটটিতে টিনের বেড়া নির্মাণ করা হয়। বিষয়টি নিয়ে এলাকাবাসী ও দাবিকৃত মালিকপক্ষ প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেন এবং আদালতের নির্দেশনা মেনে স্ট্যাটাস কো বজায় রাখার আহ্বান জানান।
স্থানীয় সূত্র আরও জানায়, গত ৫ আগস্ট ২০২৬ তারিখে এক বৈঠকে সংশ্লিষ্ট অতিরিক্ত পুলিশ কমিশনার আশরাফুল ইসলাম সকল পক্ষকে আদালতের স্ট্যাটাস কো বজায় রাখার নির্দেশনা দেন এবং বিরোধপূর্ণ জমিতে কোনো ধরনের কাজ না করার আহ্বান জানান। অভিযোগকারীদের দাবি, এরপরও কয়েকজন ব্যক্তি ওই জমিতে কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এদিকে, গত রাতে রূপনগর থানা পুলিশের বিশেষ অভিযানে প্লটটি থেকে আটজনকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিরা ওই প্লট পাহারার কাজে নিয়োজিত ছিলেন।
এলাকাবাসীর দাবি, বিরোধপূর্ণ জমিতে আদালতের নির্দেশনা যথাযথভাবে কার্যকর করা, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমন এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে এলাকায় শান্তি-শৃঙ্খলা ও আইনের শাসন নিশ্চিত হয়।