
বিশেষ প্রতিনিধি: মোঃ রুবেল সিকদার
পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মুলগ্রাম বাজার মাঠে মাদকের ভয়াবহতা ও এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল জেলা প্রশাসনের সহযোগিতায় এবং ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, গ্রাম্য পুলিশ, তরুণ সমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ নারী-পুরুষের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।
সভায় বক্তারা বলেন, মাদকের ক্ষতিকর প্রভাব শুধু একজন ব্যক্তির জীবনেই সীমাবদ্ধ থাকে না; এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ এবং আগামী প্রজন্মের ওপরও পড়ে। একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
তারা আরও বলেন, অভিভাবক, শিক্ষক, ব্যবসায়ী, তরুণ সমাজ ও সচেতন নাগরিকরা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ।
প্রধান বক্তা ছিলেন মো. মনিরুজ্জামান নাসিম আলী, আহ্বায়ক—মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ, সভাপতি—পিরোজপুর দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং সিনিয়র সাংবাদিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. শাহ আলম, প্রধান সমন্বয়কারী—মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ; মো. মেহেদী হাসান, ভাইস প্রেসিডেন্ট—দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও যুগ্ম আহ্বায়ক—মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ; সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক—মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ ও সভাপতি—পজিটিভ পিরোজপুর; এবং বাপন সেন, ইন্সপেক্টর—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সভায় সভাপতিত্ব করেন ৫ নম্বর টোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মাইনুল ইসলাম দুলাল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক জুবায়ের আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক—মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ এবং ফাউন্ডার—পজিটিভ পিরোজপুর।
সভা থেকে মাদকের বিরুদ্ধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক পর্যায়ে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, আজকের সচেতনতাই পারে আগামী প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে।
মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেই সভার সমাপ্তি ঘটে।

