
মোঃ জাহিদ হোসেন জিমু ,
প্রকৃতি ও পরিবেশ রক্ষায় স্কাউট সদস্যদের আরও বেশি সক্রিয় ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রকৃতি ধ্বংস হলে তার বিরূপ প্রভাব থেকে মানুষও রক্ষা পাবে না। তাই প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং সামগ্রিক পরিবেশ রক্ষায় স্কাউটদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
১০ আগস্ট (সোমবার) বাংলাদেশ সচিবালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদ ১০ পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্কাউট সদস্যদের উদ্দেশ্যে বলেন, “আমরা মানুষকে যেমন উদ্বুদ্ধ করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তেমনি আমাদের মানুষকে উদ্বুদ্ধ করতে হবে প্রকৃতির পাশে দাঁড়ানোর জন্য।”
তিনি আরও উল্লেখ করেন, স্কাউটরা যেভাবে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে, ঠিক একইভাবে প্রকৃতি রক্ষায়ও তাদের নিজস্ব সক্ষমতা ও সংগঠন ব্যবহার করে কাজ করতে হবে।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ স্কাউট সদস্যদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি শহীদদের পরিবারের সদস্যদের হাতে বিশেষ সম্মাননা ও আর্থিক অনুদানের চেক তুলে দেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

