
মোঃ আসিফুজ্জামান আসিফ
ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৯ আগস্ট) সকাল ও সন্ধ্যায় সাভারের মল্লিকারটেক এবং আশুলিয়ার জিরানী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার সাভারের পুড়াবাড়ী পশ্চিমপাড়া এলাকার মৃত লালু মিয়ার ছেলে মো. এমরান মিয়া (৪০), সাভারের বাড্ডা বাটপাড়া এলাকার মো. বাবুল মোল্লার ছেলে মো. শরিফুল ইসলাম (৪০), ধামরাইয়ের গোলাইল এলাকার মৃত আব্দুল বাছেদের ছেলে মো. সুমন আলী (৪৫) এবং ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার সুন্দরপুর এলাকার মো. মোসলেমের ছেলে মো. ছানোয়ার হোসেন (২৪)। ছানোয়ার বর্তমানে আশুলিয়ার টেংগুরী এলাকায় সুফিয়ানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার সকাল সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানাধীন মল্লিকারটেক এলাকায় অভিযান চালায় ঢাকা জেলা উত্তর ডিবির একটি দল। এ সময় এমরান মিয়া ও শরিফুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন জিরানী এলাকায় অভিযান চালিয়ে সুমন আলী ও ছানোয়ার হোসেনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩০ হাজার টাকা।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার এমরান মিয়ার বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
ডিবি পুলিশ জানায়, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল হওয়ায় এসব এলাকায় মাদকের চাহিদাকে কেন্দ্র করে একটি চক্র বিভিন্ন জেলা থেকে ইয়াবাসহ নানা ধরনের মাদক এনে স্থানীয় পর্যায়ে সরবরাহ করে আসছে। গ্রেপ্তার চারজনের সঙ্গে মাদক সরবরাহকারী ও ক্রেতাদের কোনো নেটওয়ার্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে তারা কোথা থেকে ইয়াবা সংগ্রহ করতেন, কার কাছে সরবরাহ করতেন এবং তাদের সঙ্গে আর কারা জড়িত- এসব বিষয়েও তদন্ত চলছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ঢাকা জেলার পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ চারজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। তাদের সঙ্গে মাদক কারবারের নেপথ্যে আর কেউ জড়িত কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

