
ডেভিড সাহা
বান্দরবান শহরের আমতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ডাম্প ট্রাক উল্টে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার মো. হেলাল উদ্দিন আহত হয়েছেন।রোজ সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লাল ব্রিজ এলাকার আমতলী জামে মসজিদসংলগ্ন তীব্র বাঁকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কেরানীহাট এলাকা থেকে বালু বোঝাই করে বান্দরবান শহরের দিকে আসছিল ডাম্প ট্রাকটি। আমতলী জামে মসজিদসংলগ্ন পাহাড়ি ঢাল ও তীব্র বাঁকে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। পরে ট্রাকটি উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার সময় চালক ও হেলপার ট্রাক থেকে বের হওয়ার চেষ্টা করেন। হেলপার মো. হেলাল উদ্দিন লাফ দিয়ে নামতে গিয়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করেন। আহত হেলাল উদ্দিন কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত মোক্তার আহমদ।
অন্যদিকে, ট্রাকটি উল্টে যাওয়ার সময় চালক নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে বান্দরবান সদর থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রেকারের সহায়তায় উল্টে থাকা ট্রাকটি সরিয়ে চালকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহত চালকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে চালক ট্রাকের নিচে চাপা পড়ে নিহত এবং হেলপার আহত হয়েছেন। ফায়ার সার্ভিস, ট্রাফিক পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে। নিহত চালকের পরিচয় শনাক্তের পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।
দুর্ঘটনার পর সড়কটিতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। উদ্ধার কার্যক্রম চলাকালে ঘটনাস্থলে স্থানীয় ও পথচারীদের ভিড় দেখা যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয়দের অভিযোগ, আমতলী এলাকার ওই তীব্র বাঁক ও পাহাড়ি ঢালে প্রায়ই ভারী যানবাহন চলাচল করে। দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এই বাঁকে ভারী যানবাহনের চলাচলে সতর্কতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

