
সৌভিক পোদ্দার,
কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ভালো কাজের স্বীকৃতি হিসেবে ঝিনাইদহ সদর উপজেলার আটজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারকে (সিএইচসিপি) সম্মাননা দেওয়া হয়েছে।
মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত সিএইচসিপিদের মাসিক সমন্বয় সভায় তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মিথিলা ইসলাম। এতে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মালিহা আক্তার আইভী, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) নাজিম উদ্দীন জোয়ার্দার, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা।
সভায় কমিউনিটি ক্লিনিকের নিয়মিত কার্যক্রম, মাতৃ ও শিশুস্বাস্থ্য, জাতীয় টিকাদান কর্মসূচি, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম জোরদার এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ডা. মিথিলা ইসলাম বলেন, রোগের চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করতে হবে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে নিয়মিত স্বাস্থ্যশিক্ষা, টিকাদান এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার জন্য তিনি মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানান।
নির্বাচিত ৮ (আট) জন সেরা সিএইচসিপি তাঁরা হলেন, কালুহাটি কমিউনিটি ক্লিনিকের মো. মাজেদুল হক, আড়মুখী কমিউনিটি ক্লিনিকের মো. মাজেদুল হক, ঘোড়াশাল কমিউনিটি ক্লিনিকের দিনেশ কুমার, করিমপুর কমিউনিটি ক্লিনিকের তুহিন আলী, দোগাছি কমিউনিটি ক্লিনিকের শামীমা সুলতানা, রতনহাট কমিউনিটি ক্লিনিকের জ্যোতি রহমান, পানামী কমিউনিটি ক্লিনিকের তানভীর আহমেদ এবং খাজুরা কমিউনিটি ক্লিনিকের আশরাফুল ইসলাম শান্ত।
সভা শেষে সম্মাননাপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা বলেন, এ ধরনের স্বীকৃতি মাঠপর্যায়ে কাজের প্রতি উৎসাহ বাড়ায়। তাঁদের মতে, কর্মদক্ষতার মূল্যায়ন হলে সেবার মান আরও উন্নত করতে স্বাস্থ্যকর্মীরা বেশি অনুপ্রাণিত হন।

