
নিজস্ব প্রতিনিধি
জেলায় সার পরিস্থিতি, সারের উত্তোলন, মজুত ও বিপণন বিষয়ে সার ডিলার, কর্মকর্তা ও স্টেক হোল্ডারদের সঙ্গে জেলা প্রশাসক ও কৃষি বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় দিনাজপুর শহরের শিশু একাডেমি মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য এ জেডএম রেজওয়ানুল হক।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমান কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষকদের ফসল উৎপাদনে সহযোগিতা করে যাচ্ছেন।
সারাদেশে জনশ্রুতি রয়েছে দিনাজপুর একটি খাদ্য-শস্য উৎপাদনের জেলা। প্রতি বছর বোরো এবং আমন দুটি মৌসুমে জেলার কৃষকরা কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায়, আধুনিক কৃষি ব্যবস্থাপনায় অধিক পরিমাণ ধান উৎপাদন করতে সক্ষম হচ্ছে।
দিনাজপুরে যে ধান উৎপাদন হয়, তা আমাদের জেলার চাহিদার চেয়েও অনেক বেশি। আসন্ন আমন মৌসুমে ধান রোপন কার্যক্রম চলমান রয়েছে। কৃষকরা ধান চাষে রাসায়নিক সারসহ অন্যান্য কৃষি উপকরণের কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়, সেজন্য কৃষি বিভাগকে সজাগ দৃষ্টি রেখে সার্বিক ব্যবস্থা নিতে তিনি পরামর্শ দেন।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, বিএডিসির যুগ্ম পরিচালক (সার) মো. জাহাঙ্গীর আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. শাহ আলম প্রমুখ।
জেলার কৃষি ব্যবস্থাপনা ও ধানসহ সকল প্রকার শস্য উৎপাদনের সার্বিক বিষয় উপস্থাপনে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন।
তিনি বলেন, আসন্ন আমন মৌসুমে আমন ধান চাষে রাসায়নিক সার, কীটনাশকসহ অন্যান্য কৃষি উপকরণের কোনো ধরনের সংকট নেই।
তিনি বিএডিসির তালিকাভুক্ত সার ডিলারদের উদ্দেশে বলেন, আপনারা সঠিকভাবে এবং সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি করলে বাজারে কোনো সার সংকট সৃষ্টি হবে না। কৃষকরা যাতে সহজে আপনাদের কাছ থেকে সার ক্রয় করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করতে তিনি ডিলারদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আব্দুর রহিম।
সভায় বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহার উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা ও বিভিন্ন উপজেলার সার ডিলার, কর্মকর্তা ও স্টেক হোল্ডারবৃন্দ।
সূত্র:বাসস

