
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে দিন-রাতজুড়ে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় গৃহস্থালি কাজ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা এবং রোগীদের চিকিৎসাসেবায়ও বিঘ্ন ঘটছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনো কোনো এলাকায় ঘণ্টায় কয়েকবার বিদ্যুৎ আসা-যাওয়ার ঘটনা ঘটছে। বিশেষ করে রাতের বেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষ বেশি কষ্টে পড়ছেন। ব্যবসায়ীরাও বলছেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে দোকানপাট ও ক্ষুদ্র ব্যবসায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। যোগাযোগ মাধ্যমে দেখা যায় কুলাউড়া-কাদিপুর সহ বিভিন্ন এলাকায় রাত ১ ঘটিকা থেকে ভোর ৪ ঘটিকা পর্যন্ত প্রায় বিদ্যুৎ থাকেনা
এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী সাদাত হোসেন ফোনে বলেন, এসব অভিযোগের সঙ্গে একমত নন তিনি, নির্ধারিত সময়ের লোডশেডিং এবং কোথাও কোথাও কারিগরি ত্রুটির কারণে সাময়িক বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে টেকনিক্যাল টিম কাজ করছে বলেও তারা জানান।
তবে স্থানীয়দের দাবি, সমস্যা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

